রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল: সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ২
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের মিছিলে গ্রেফতার ২

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, গত ২১ জুন ভোরে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলসপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগানসহ মিছিল করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মামলা ও তদন্ত

ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে জড়িতদের পরিচয় শনাক্ত করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতারকৃতদের পরিচয়

এর ধারাবাহিকতায় রোববার ভোরে মহানগরীর সিলিন্দা বটতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাজিব শেখকে। গ্রেফতার রাজিব হলেন বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনি এলাকার বাসিন্দা মৃত আজিজুল শেখের ছেলে।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে সপুরা এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সহ-সম্পাদক তানভীর আহমেদ রাহাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাহাত হলেন বোয়ালিয়া থানার সপুরা এলাকার বাসিন্দা মো. আসলামের ছেলে।

আইনি প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনই সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের আদালতে পাঠানো হবে। এদিকে মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ