টাঙ্গাইলের সখীপুরে কৃষক হত্যা মামলায় দুই সহোদরসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণা
বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে স্পেশাল দায়রা জজ দিলার আলো চন্দনা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আবুল কাশেম ও রওশন আদালতে হাজির ছিলেন। অপর দণ্ডিত আসামি মোস্তাক পলাতক রয়েছে।
দণ্ডিত আসামিরা
কারাদণ্ডে দণ্ডিতরা হলেন— সখীপুরের কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং হায়দার আলীর ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক। মামলার বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণ
স্পেশাল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই বাদী ওহাব সিকদারের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা হামলা ও মারধর করে। এ ঘটনায় ওহাবের চাচাতো ভাই দুলাল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।
তদন্ত ও বিচার
এ ঘটনায় তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে ওই বছরের ৩১ আগস্ট চার্জশীট দেয় সখীপুর থানার এসআই আবুল কালাম আজাদ। মামলা চলাকালীন তিনজন আসামি মৃত্যুবরণ করেন। পরে মামলার সাক্ষ্যগ্রহণসহ যাবতীয় কার্যক্রম শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।



