কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ইথান আহমেদ নামে এক স্কুলছাত্র গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইথান আহমেদ নগরীর রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের সূত্রপাত ও হাতবোমা বিস্ফোরণ
পুলিশ এবং স্থানীয়রা জানান, নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারে বাঁধা দেওয়া নিয়ে বুধবার রাত থেকে অপু গ্রুপ এবং সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদকবিরোধী মানববন্ধনে হামলা
রাতের ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদকবিরোধী মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদক কারবারী চক্র মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়। এ ঘটনায় চারজন আহত হয়। স্থানীয়রা আরও জানান, স্কুলছাত্র ইথান আহমেদ মাদক বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে সংঘর্ষ চলাকালে বাসায় যাওয়ার পথে পিঠে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশের পদক্ষেপ ও তদন্ত
খবর পেয়ে ডিবি, থানা পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইথানের মা সোনিয়া আক্তার বলেন, “আমার ছেলে স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়েছিল। মাদক চক্রের সদস্যরা তাকে গুলি করে। তার পিঠে গুলি লেগেছে। কুমিল্লা মেডিকেলে রাখে নাই, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।” কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “মাদক কারবার এবং আধিপত্য বিস্তার নিয়ে কাটাবিলের অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্কুলছাত্র ইথান আহমেদকে গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”



