রাজধানীর ঐতিহ্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রেষণে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক লাল মোহাম্মদ কুষ্টিয়া সরকারি কলেজের সংযুক্ত ছিলেন।
প্রজ্ঞাপনে বিস্তারিত
বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।
কিশোর গ্যাংয়ের ঘটনার প্রেক্ষাপট
প্রসঙ্গ, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার, প্রতিষ্ঠানটিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর বেসরকারি এই প্রতিষ্ঠানে সরকারি কলেজের অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিলো সরকার। কলেজটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন রওশন জাহান। সম্প্রতি মুগদা শাখায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার এবং একজন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি এবং আদালতে মামলা রজু হয়। এই ঘটনার পর বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয় সরকারি অধ্যক্ষ পদে নিয়োগ দিলো।
নতুন অধ্যক্ষের পরিচয়
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কুষ্টিয়া সরকারি কলেজে সংযুক্ত অধ্যাপক লাল মোহাম্মদকে বেসরকারি এই কলেজটিতে অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
একই আদেশে অন্যান্য পদায়ন
একই আদেশে এনসিটিবির বিশেষজ্ঞ পদে পদায়ন করা হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাজমুন নাহারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওএসডি করা হয়। নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজে কর্মরত অর্থনীতি বিভাগের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে নিয়োগ করা হয়।
অবমুক্তির নির্দেশ
বদলি ও পদায়ন হওয়া এই তিন কর্মকর্তাকে আগামী ২৮ জুন অপরাহ্ণের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।



