দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংবিধানে ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং মসজিদের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন (নাজিব মোমেন)।
ঋণ খেলাপি ও ব্যাংকিং খাতের অবস্থা
তিনি বলেন, যেহেতু আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাসী, সেহেতু আমাদের সংসদ সদস্যদের অবস্থা—ঋণ খেলাপি, স্বাস্থ্যগত অবস্থা ও সংসদে উপস্থিতি—এসব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ‘ঋণ খেলাপি’ জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এ বিষয়ে সরকারের জবাবদিহিতা প্রয়োজন।
জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবি
সংসদ সদস্য নাজিব মোমেন আরও বলেন, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কিছু সরকারি দলীয় সংসদ সদস্য ফ্যাসিবাদী ভাষায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি তুলছেন। একই ধরনের বক্তব্যে মসজিদে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধের কথাও বলা হচ্ছে, যা তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। গাইবান্ধায় এক ব্যক্তিকে হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে খুন ও ধর্ষণের ঘটনা বেড়েছে এবং ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে ৬৮ বিধিতে একটি জনগুরুত্বপূর্ণ আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তা গ্রহণ করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা
তিনি আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুলনামূলক তুচ্ছ বিষয়ে বিবৃতি দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে না।
মাদক ও মসজিদ ইস্যু
মাদকের বিষয় নিয়ে দ্রুত একটি বেসরকারি বিল আনার পরিকল্পনার কথাও জানান তিনি। মসজিদে রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো নিয়ে মসজিদে আলোচনা করা মুসল্লিদের অধিকার। এসব নিয়ন্ত্রণের চেষ্টা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ।



