নারায়ণগঞ্জ আদালতে পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার আসামির ওপর জনতার হামলা
নারায়ণগঞ্জ আদালতে আসামির ওপর জনতার হামলা

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির ওপর হামলা চালিয়ে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার দুপুরে মো. শরীফ নামে ঐ আসামিকে আদালতের গারদখানা থেকে রিমান্ড শুনানির জন্য আদালতের এজলাসে নেওয়ার পথে হামলার ঐ ঘটনা ঘটে। ঘটনার শিকার শরীফ ফতুল্লার চানমারী মাউরাপট্টি এলাকার ক্যাবল ব্যবসায়ী নাছির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি।

হত্যাকাণ্ডের বিবরণ

গত ১৪ মে দুপুরে শরীফ একাই ব্যবসায়ী নাছিরকে তার অফিসে প্রবেশ করে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নিহত ব্যবসায়ী নাছির স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

আদালতে হামলার ঘটনা

ঘটনার প্রত্যক্ষদর্শী আদালতের আইনজীবীরা জানান, মঙ্গলবার দুপুরে চানমারী এলাকার ক্যাবল ব্যবসায়ী মো. নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফের রিমান্ড শুনানির জন্য আদালতের এজলাসে নেওয়ার পথে নিহত নাছিরের এলাকার লোকজন পুলিশ হেফাজতে থাকা শরীফের ওপর হামলা করে। বিক্ষুব্ধরা পুলিশের সামনেই শরীফকে মারধর করে। হামলায় শরীফ মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাতাড়ি আরো মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে আরো পুলিশ ও অন্যান্য আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আসামিকে এজলাসে তোলা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনজীবীর বক্তব্য

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে মারধর করা প্রসঙ্গে এই আইনজীবী বলেন, এই হত্যা মামলার আসামির ওপর এলাকাবাসী অনেক ক্ষুব্ধ। তাই তাকে আদালত প্রাঙ্গণে দেখার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন। তবে আমরা আইনজীবী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

পুলিশের বক্তব্য

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, হত্যা মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলা করার চেষ্টা করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।