প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে।
ভিসা আবেদন কেন্দ্র ও তারিখ
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন করা যাবে।
এ সময় মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী।
হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
এর আগে আজ সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। তিনি শুক্রবার (১২ জুন) পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা।
গত ৫ জুন দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ক্রেডেনসিয়াল গ্রহণ করেন তিনি।
দীনেশ ত্রিবেদীর পরিচিতি
ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদীর জন্ম ১৯৫০ সালে নয়াদিল্লিতে। গুজরাটি বংশোদ্ভূত হলেও তার বেড়ে ওঠা কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে রয়েছে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় থাকার পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ভিসা কার্যক্রম সীমিত করার প্রেক্ষাপট
ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডির গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রটি সম্পূর্ণরূপে লুণ্ঠিত ও অগ্নিসংযোগের শিকার হয়। বাংলাদেশের বিভিন্ন শহরের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারও (আইভ্যাক) হামলার মুখে পড়ে। নিরাপত্তাজনিত হুমকি এবং হাইকমিশনের স্থাপনা ও সংশ্লিষ্ট কেন্দ্র হামলার কারণে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য সব ধরনের দেড় হাজারের বেশি ভিসা ইস্যু করছে।



