চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ বুধবার (৮ জুলাই ২০২৬) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
গুজব থেকে বিরত থাকার আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ফেসবুকে প্রচারিত কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করবেন না। পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই এ ধরনের গুজব থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।'
চট্টগ্রাম বোর্ডের নামে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি আরম্ভ হবে বলে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ
সংশ্লিষ্ট সব পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।



