জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার আসামি সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আজ বুধবার সকালে ট্রাইব্যুনালে আনা হলেও বিচারকাজের সময় তাঁকে এজলাসের কাঠগড়ায় তোলা হয়নি। তিনি অ্যাম্বুলেন্সেই ছিলেন। বিচারকাজ শেষে বেলা আড়াইটার দিকে ফজলে করিমকে নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে অ্যাম্বুলেন্সটি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও আসামিরা
এই মামলায় মোট আসামি ২২ জন। এর মধ্যে করিম চৌধুরীসহ পাঁচজন গ্রেপ্তার আছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অপর ১৭ আসামি পলাতক।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে করিম চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। আজ তাঁকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রাইব্যুনালে আনা হয়।
আদালতের কার্যক্রম ও পরবর্তী শুনানি
আজ এই মামলা থেকে ফজলে করিমের অব্যাহতির পক্ষে যুক্তি তুলে ধরেন তাঁর আইনজীবী। তবে ফজলে করিমের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়নি। আগামী রোববার ফজলে করিমের অব্যাহতির পক্ষে আবার যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য দিন ধার্য করা হয়েছে।
অভিযোগের বিবরণ
মামলায় ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা; দ্বিতীয় অভিযোগ ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।



