কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক চীনা নাগরিক তার বাংলাদেশি স্ত্রীকে খুঁজতে এসে স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন। সোমবার (২২ জুন) বিকালে চীনা নাগরিক আন হংওয়েই ফুলবাড়ী উপজেলার ধর্মপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে আসেন। সেখানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে।
চীনা স্বামীর অভিযোগ
আন হংওয়েই জানান, তার স্ত্রী মোর্শেদা বেগম প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে উধাও হয়েছেন। তিনি আরও দাবি করেন, মোর্শেদা তাকে আনুষ্ঠানিকভাবে তালাক না দিয়েই গাইবান্ধার এক যুবককে বিয়ে করেছেন। এ ঘটনায় তিনি মোর্শেদার পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বলেন, তাদের পুরো পরিবার একটি প্রতারক চক্র হিসেবে কাজ করছে।
ঘটনার বিবরণ
ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা ঢাকার সাভারের একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন। ওই দম্পতি ৩০ মে চীনে যাওয়ার কথা ছিল। কিন্তু মোর্শেদা তার চীনা স্বামীকে কৌশলে তালাক দিয়ে গত ১২ জুন পাবনার ফরিদপুর উপজেলায় কাজী অফিসে গিয়ে গাইবান্ধা উপজেলার গিদারী গ্রামের ফিরোজ ও নাছরিন দম্পতির ছেলে নাছিম মিয়াকে তৃতীয় বারের মতো বিয়ে করেন।
পুলিশের পরামর্শ
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, চীনা নাগরিক থানায় এসেছিলেন। অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই তাকে সাভার থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। চীনা স্বামীর প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে মোর্শেদার বিভিন্ন নাম্বারে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চীনা নাগরিকের পরিচয়
আন হংওয়েই চীনের ঝাওঝেন, দাতুন টাউন, ডংমিং কাউন্টি প্রদেশ শান ডং নং ০৮৮, ঝাওঝেনতুন গ্রামের আনজিফাং ও মেংফেংজিয়াও দম্পতির ছেলে।



