ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে। এ কারণে আগামীকাল শুক্রবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন না করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
মামলা প্রত্যাহারের পটভূমি
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে গত শনিবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করেন জালাল আহমেদ খোকন তালুকদার নামের এক ব্যক্তি। ফয়জুল করীম ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের ছোট ভাই।
পরে ইসলামী আন্দোলন বৃহস্পতিবারের মধ্যে এই মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেয়। তা না হলে শুক্রবার সারা দেশে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিল দলটি।
মনিরুল হক চৌধুরীর অবস্থান
এমন প্রেক্ষাপটে আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী লেখেন, ‘আমি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আমার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা করেছেন, সে সম্পর্কেও আমার জানা নেই। বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।’
মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের নেতা–কর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছেন উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তাঁরা জানিয়েছে, বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমার আইনজীবীকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলেছি।’ পরে আজই এই মামলা প্রত্যাহার করা হয়।
বিক্ষোভ কর্মসূচি বাতিল
পরে বিকেলে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা বিএনপির স্থানীয় সংসদ সদস্যের তত্ত্বাবধানে প্রত্যাহার করায় আগামীকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে না। গতকাল বুধবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ২৫ জুনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। যেহেতু মামলা প্রত্যাহার করা হয়েছে, তাই কর্মসূচি পালিত হবে না।



