বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মামলার বিবরণ
তিনি বলেন, এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় ১ হাজার ৫৬টি মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তদন্ত ও বিচার কার্যক্রম
মন্ত্রী জানান, এসব মামলার মধ্যে ১৫৮টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলার। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনও চলমান।
বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত পরিচালিত হচ্ছে, যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো আইনি দুর্বলতা না থাকে।
জামিন প্রসঙ্গ
জামিন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, জামিন প্রদান সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।
সরকারের অঙ্গীকার
তিনি বলেন, বিগত সরকারের সময় সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা হত্যা, গুম, নির্যাতন বা পঙ্গুত্বের মতো অপরাধে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সূত্র: বাসস



