পতনের হুমকির জবাব রাজপথে দেওয়া হবে: ইশরাক হোসেন
পতনের হুমকির জবাব রাজপথেই: প্রতিমন্ত্রী

সরকারকে পতনের হুমকি দিলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলকে কড়া বার্তা

ইশরাক হোসেন বলেন, ‘আপনারা (বিরোধী দল) যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকেই আপনাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যরা সংসদে সুন্দর বক্তব্য দিলেও বাইরে ও ভেতরে যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে, তার প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে। ক্যাম্পাসগুলো উত্তপ্ত হচ্ছে এবং ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

জ্বালানি সংকট কমিটি প্রসঙ্গে

প্রতিমন্ত্রী বলেন, ‘গত বৃহস্পতিবার জ্বালানি সংকট নিয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হলে বিরোধীদলীয় নেতা ইতিবাচক বক্তব্য রাখেন। কিন্তু পরের দু’দিন সংসদ বন্ধ থাকাকালীন তাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় জনগণকে উসকানি দিয়েছেন। এমনকি ১৭ দিনের মধ্যে বিএনপির নির্বাচিত সরকারকে হটানোর কথাও বলা হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের বৈধতা ও রাজপথের ইতিহাস

ইশরাক হোসেন বলেন, ‘এই সরকার ২০০৮, ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আমরা জনগণের সরাসরি ভোটে ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছি। আমাদের কেউ যদি হুমকি-ধমকি দিয়ে সরকার পতনের চেষ্টা করে, তবে সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি শুধু নির্দেশ দিন; আমরা রাজপথে থেকেই ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি এবং খুনি হাসিনাকে পতন ঘটিয়েছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শান্তির রাজনীতির আহ্বান

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনও বিভক্তির রাজনীতি চাই না, শান্তির রাজনীতি চাই। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনারা যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন, তবে তাতে একমাত্র লাভবান হবে পলাতক ফ্যাসিবাদের দোসররা। তারা যদি আবার ফিরে আসে তবে আন্দোলনকারীদের কী অবস্থা করবে, তা কি আপনারা ভেবে দেখেছেন?’