কারাবন্দি সাংবাদিকদের শিগগিরই মুক্তি দাবি করেছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সংগঠনের নতুন আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। আকতার হোসেনকে আহ্বায়ক ও শেখ জামালকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন আহ্বায়ক কমিটি গঠন
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্ব গ্রহনের পরবর্তী সময় রাজনীতিবিদদের ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকদের ওপরও নেমে আসে নির্মম নির্যাতন ও নিপীড়ন। দেশের সংবাদিকরাও তা থেকে রেহাই পাননি। সারাদেশের ৫ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে গায়েবী হত্যা মামলা, অর্ধশত সাংবাদিক গ্রেফতার, ১৬৮ পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, জাতীয় প্রেস ক্লাব থেকে শতাধিক সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ বাতিল ও স্থগিত করা হয়।
সাংবাদিক নির্যাতন-নিপীড়ন বিরোধী ফ্রন্ট গঠন
এ অবস্থায় সাংবাদিক নির্যাতন-নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট' গঠন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সোমবার রাতে অনুষ্ঠিত এক সভায় অবিলম্বে কারাবন্দির সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানানো হয়।



