বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ও কমিশনার বা সদস্য পদে সর্বোচ্চ বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে। বিল দুটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।
বিল উত্থাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে পৃথকভাবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন।
বিলের প্রভাব
বিল দুটি পাস হলে এই দুই নিয়ন্ত্রক সংস্থা— বিএসইসি ও আইডিআরএ-তে যে কোনও বয়সের ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে। পরে বিল দুটি জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়। বুধবারের (২৯ এপ্রিল) মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেবে।
বিদ্যমান আইন
বিদ্যমান আইনে কোনও ব্যক্তি ৬৫ বছর বয়স পূর্ণ করলে তাকে বিএসইসি-এর চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হিসেবে গণ্য করা হয় বা তিনি পদে বহাল থাকতে পারেন না। উত্থাপিত বিলে এই বিধানটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। অপরদিকে, আইডিআরএ আইনে বলা আছে, ৬৭ বছর বয়স পূর্ণ হলে কোনও ব্যক্তি বীমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। সংসদে উত্থাপিত বিলটিতে এই বিধানও বাতিলের প্রস্তাব করা হয়েছে।
উদ্দেশ্য
দু’টি বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিয়োগ দেওয়ার লক্ষ্যে আইনগুলোকে সময়োপযোগী করা প্রয়োজন।



