মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাত ৮টার দিকে নিউমার্কেটের পেছনে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে।
নিহতের পরিচয় অজানা
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক শাহাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে কাছ থেকে গুলি চালায়। ভুক্তভোগীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬টি গুলি লাগে বলে জানা গেছে। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ শনাক্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিহতের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার তদন্তে কাজ চালিয়ে যাচ্ছে।



