পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি
পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ ৫০০টি, উপ-পরিদর্শক (নিরস্ত্র) পদ ৪ হাজারটি এবং কনস্টেবল পদ ১০ হাজারটি রয়েছে।

সংসদে প্রশ্নোত্তরে তথ্য

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।

নতুন পদ ও নিয়োগ

নতুন সৃষ্ট ১৪ হাজার ৫০০ পদের মধ্যে এএসপি পদ ৫০০টি, এসআই (নিরস্ত্র) পদ ৪ হাজারটি এবং কনস্টেবল পদ ১০ হাজারটি। এছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি কনস্টেবলের শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। সরাসরি ২ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হত্যা ও ধর্ষণ মামলার তথ্য

এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা করা হয়েছে। হত্যা মামলায় ৬০৪ জন ও ধর্ষণ মামলায় ৫৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

তিনি বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়ী সব আসামির কঠোর সাজা নিশ্চিত করার জন্য মামলাগুলো অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। যথাযথ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে মামলাগুলোতে দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম অব্যাহত আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ