চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে সালামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সুমাইয়া আক্তার (২০)। তাঁর বাবার বাড়ি শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এবং শ্বশুরবাড়ি একই ইউনিয়নের সালামপুর গ্রামে।

পরিবারের অভিযোগ

পরিবার সূত্রে জানা যায়, গত বছর ৩০ অক্টোবর রিপন আলীর (২৩) সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিন লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রিপন ও তাঁর পরিবারের সদস্যরা। গতকাল সোমবার রাতে সুমাইয়াকে বাবার বাড়ি থেকে নিয়ে যান রিপন। আজ সকাল ছয়টার দিকে রিপনের বাবা মাহাবুর রহমান সুমাইয়ার অসুস্থতার কথা বলে তাঁর মা রুনা বেগমকে বাড়িতে ডেকে নেন। মা সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পান।

পুলিশের বক্তব্য

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে। লাশ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে রিপন আলীর বাড়িতে গিয়ে তাঁকে ও পরিবারের অন্য কাউকে পাওয়া যায়নি। লাশের গলায় দাগ ও বাঁ চোয়ালের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি বাড়ির উঠানে দড়ির খাটিয়ার ওপর শোয়ানো অবস্থায় ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় সুমাইয়ার মা মোসা. রুনা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্বামী রিপন আলী, শ্বশুর মাহাবুর রহমান, শাশুড়ি, দেবর ও ননদসহ মোট ছয়জন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ