হত্যা মামলাসহ সাতটি মামলায় সাংবাদিক দম্পতি ফরজানা রূপা ও শাকিল আহমেদের জামিন আবেদনের আদেশ ১১ মে পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এসব মামলায় মঙ্গলবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনজীবীদের উপস্থিতি
জামিন শুনানিতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলমিন।
পূর্ববর্তী শুনানি
এর আগে ২১ এপ্রিল হত্যা মামলাসহ সাতটি মামলায় শাকিল আহমেদ ও ফরজানা রূপার জামিন আবেদনের শুনানি শেষ হয়। ওই সময় আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত।
২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে জেলে পাঠায় আদালত। একই বছরের ২১ আগস্ট শাকিল আহমেদ ও ফরজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরের দিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তাদের।



