রাজধানীর বাড্ডায় তিন বছরের শিশু মো. হাবিবকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো. শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, খবর পেয়ে সোমবার (২৭ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে বড় বেরাইদ ঋষিপাড়া এলাকার জুলহাস মিয়ার ভাড়া বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মা শিল্পী খাতুনের দেখানো মতে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে মরদেহ।
হত্যার কারণ
পুলিশ জানায়, পারিবারিক কলহ ও অভাব-অনটনের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আরও জানা গেছে, অভিযুক্ত শাহিন মাদকাসক্ত। তিনি আগে রিকশা চালালেও বর্তমানে বেকার ছিলেন। শিশুটির মা শিল্পী খাতুন বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন। মাদকের টাকার জন্য তিনি স্ত্রীর কাছে চাপ দিতেন এবং না পেলে ঝগড়া করতেন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত শিশুর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে।



