সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন বাতিল করেছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।
এর আগে, গতকাল রবিবার লাভলুর জামিন মঞ্জুর করেন আদালত। তবে জামিননামা সময়মতো জমা না দেওয়ায় আজ সকালে জামিননামা দাখিল করলে আদালত তা প্রত্যাখ্যান করে জামিন বাতিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গতকাল এক হাজার টাকার মুচলেকায় আদালত আসামির জামিন মঞ্জুর করেন। গতকাল আসামি পক্ষের আইনজীবীরা জামিননামা সময় মতো আদালতে জমা দিতে পারেননি। আজকে সকালে আসামির পক্ষের আইনজীবী এই জামিননামা দাখিল করেন। আদালত আসামির এই জামিননামা রিজেক্ট করে জামিন বাতিলের নির্দেশ দেন।”
ঘটনার প্রেক্ষাপট
ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন লাভলু। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু। এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ খালেদা জিয়ার গাড়িবহরের ঘটনায় হওয়া মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখায়।
মামলার অভিযোগ
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫ টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।



