প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
রিমান্ড আবেদন ও আদালতের আদেশ
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। গত ২৩ এপ্রিল মঞ্জুর হওয়া চার দিনের রিমান্ড শেষে নাছেরকে সোমবার আদালতে হাজির করা হয়।
রিমান্ড আবেদনের যুক্তি
রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আফজাল নাছেরের নির্দেশে ও অর্থায়নে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
মামলার বিবরণ
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকাল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগনে মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করা হয়।
পূর্বের রিমান্ড
প্রসঙ্গত, গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে মিরপুর মডেল ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এখনও পর্যন্ত তাকে ২৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।



