বসুন্ধরায় সাবেক গৃহকর্মীর ডাকাতি ও হত্যাচেষ্টা, বাসমালিকের সাহসিকতায় ব্যর্থ
বসুন্ধরায় ডাকাতি ও হত্যাচেষ্টা, বাসমালিকের সাহসিকতায় ব্যর্থ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গভীর রাতে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তবে বাসার মালিকের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

ঘটনার বিবরণ

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বোরকা পরিহিত এক ব্যক্তি ভবনের গ্রিল বেয়ে চারতলায় উঠে একটি বাসায় প্রবেশ করে। সেখানে একা বসবাসরত ৭৮ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি আনোয়ার হোসেনের গলায় ছুরি ধরে নগদ অর্থ দাবি করে।

হঠাৎ এমন পরিস্থিতিতেও ভেঙে পড়েননি আনোয়ার হোসেন। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে তিনি হামলাকারীর হাতে থাকা ছুরি চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ফেলে দিয়ে নিয়ন্ত্রণে নেন এবং জোরে চিৎকার শুরু করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আটকের ঘটনা

তার চিৎকারে প্রথমে ভবনের কেয়ারটেকার এবং পরে অন্যান্য বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে তার মুখোশ খুলে দেখা যায়, আটক ব্যক্তি ওই বাসার সাবেক গৃহকর্মী সুজন। কিছুদিন আগে ডলার চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, তিনি অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত ছিলেন।

খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ও বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

পুলিশের বক্তব্য

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাতে চুরির চেষ্টার ঘটনায় সুজন নামের একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আটক ব্যক্তি আগে ওই বাসায় কাজ করতেন এবং চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওসি আরও বলেন, বাসার মালিক অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ