ভাইদের জমি বিরোধে প্রতিবেশীর লাথিতে বড় ভাই নিহত
ভাইদের জমি বিরোধে প্রতিবেশীর লাথিতে বড় ভাই নিহত

মানিকগঞ্জের সিংগাইরে ভাইদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর লাথিতে বড় ভাই নজরুল খন্দকার (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

নিহত নজরুল খন্দকার ওই এলাকার মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাই নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ওহেদ খন্দকার ও তার ভাতিজাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে নিজ বাড়িতে দুপক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির সমাধানের লক্ষ্যে স্থানীয়রা উদ্যোগ নেন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ওহেদ ও তার লোকজনকে ডাকলে তারা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষ বাধায়।

সংঘর্ষের সময় প্রতিবেশী হাবিবুর রহমানের ছেলে নিশাদ (১৮) অভিযুক্তদের পক্ষ নিয়ে নজরুল খন্দকারকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্যদিকে তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক রক্তাক্ত জখম হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও মৃত্যু

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নজরুল খন্দকারের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। নিহতের ছেলে অভি খন্দকার গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আইনগত ব্যবস্থা

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ