মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমরানের জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে এ রায় দেন।
আদালতে শুনানি
আদালতে ইমরানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।
জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র দিয়েছে, তাতে এক কোটি টাকার কথা বলা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কারাগারে আছেন। জামিন আবেদনে এসব দিক তুলে ধরা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিং মামলায় ইমরানের জামিন বিষয়ে রুল শুনে আদালত তা অ্যাবসলিউট (যথাযথ) করেছেন। তার মানে জামিন দিয়েছেন। জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়টি প্রক্রিয়াধীন।
গ্রেপ্তার ও মামলা
এর আগে ২০২৫ সালের ৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে। ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় তাঁকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয় বলে তখন জানানো হয়।
ছাগল-কাণ্ডের প্রেক্ষাপট
২০২৪ সালের কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তৎকালীন কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামার।



