জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় ডিজিএফআইয়ের বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে মো. আফজাল নাছের জড়িত বলে জানা গেছে। তদন্তকালে আরও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। এই বলে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. আফজাল নাছেরকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর একাধিক মামলায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকাল ৪টার সময় উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশ্যে গুলি বর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগনে মাহমুদুল হাসানের শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ওই ঘটনার তার পরিবার থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।



