ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত মে মাসে মহানগর এলাকায় সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে মোট ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা এবং ৩৩৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে ডিএমপি।
ফৌজদারি মামলার বিচার
ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক বলেন, মে মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের অধীনে মোট ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় আটক আসামির সংখ্যা ৯ হাজার ৯২৩ জন। এর মধ্যে ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অর্থদণ্ড ও জরিমানা
নিষ্পত্তি হওয়া মামলাগুলো থেকে মোট ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম ও বাজেয়াপ্ত বাবদ আদায় হয়েছে ৭৮ হাজার ২৮২ টাকা।
বিশেষ অভিযান
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মে মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির যৌথ উদ্যোগে ৩৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক মামলা
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মে মাসে ১ হাজার ৩০০টি মামলা করা হয়। এসব মামলায় আসামির সংখ্যা ১ হাজার ৩০০ জন। এর মধ্যে ৩৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। ট্রাফিক মামলাগুলোতে মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। আটক আসামিদের মধ্যে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আস্থা ও ভীতি
ডিএমপি জানায়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার হওয়ায় মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে।



