রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর পর মাত্র পাঁচ কার্যদিবসে রায় ঘোষণা করলেন আদালত। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এত স্বল্প সময়ে এই রায় ঘোষণা, এটাই প্রথম।
দ্রুততম বিচার প্রক্রিয়া
ঘটনার পাঁচ দিন পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের পর তিন কার্যদিবসে মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে পাঁচ কার্যদিবসে রায় ঘোষণা করা হলো। ঘটনার ১৯ দিনের মাথায় শেষ হলো বিচারকাজ।
পূর্ববর্তী দ্রুত রায়ের রেকর্ড
এর আগে, গত বছরের ১৭ মে মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৪ কর্মদিবসে ওই মামলায় রায় ঘোষণা করেন। ১৪ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া রায় দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম সময়ে রায় হিসেবে রেকর্ড করা হয়। ১৪ কার্যদিবসে রায় ঘোষণা করা হলেও ঘটনার তারিখ থেকে দুই মাস ১২ দিন সময় লেগেছিল।
পরবর্তী সময়ে মেহেরপুর জেলায় আলোচিত এক শিশু ধর্ষণের মামলা ২৯ কার্যদিবসে রায় ঘোষণা করা হয়। ২৯ কার্যদিবসে বিচার শেষ হলেও প্রকৃতপক্ষে পুরো মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে প্রায় এক বছর।



