নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিলকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার পৌরসভার সওদাগরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, দেশে নৈরাজ্য, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গত বছরের ১৩ ডিসেম্বর রাতে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আসামিরা গোপন মিটিং করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যান।
মামলা দায়ের ও গ্রেপ্তার
২০২৫ সালের ১৪ ডিসেম্বর পুলিশ বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় শনিবার শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, নাশকতা করার চেষ্টায় পুলিশের দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



