টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন (রাবন) কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কারের কারণ
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে দুলাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম সরকার (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতিমধ্যে এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
ভুক্তভোগীর বক্তব্য
মামলার বিবরণ ও ধর্ষণের শিকার ওই তরুণীর (২২) সঙ্গে আলাপ করে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ও ১ এপ্রিল দুই দফা তিনি ধর্ষণের শিকার হন। প্রথম দিন ধর্ষণের দৃশ্য দুলালের সহযোগী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদ মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এরপর ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে যান, কিন্তু পুলিশ তখন মামলা নেয়নি বলে অভিযোগ তরুণীর।
পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদী হয়ে মামলা করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা–পুলিশ ১৫ এপ্রিল মামলাটি রেকর্ড করে।
ওই তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন। তাই নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।



