ফেনীতে নির্মাণাধীন ভবনের একটি কক্ষের ভেতর বালুচাপা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোছনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রিনা বেগম (৪০)। তিনি একই এলাকার সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী। তাঁর এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
ঘটনার বিবরণ
পুলিশ, নিহত নারীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, যে ভবন নির্মাণ করা হচ্ছিল, সেটি রিনা বেগমের। ওই ভবন থেকে প্রায় ৩০০ গজ দূরে তিনি সন্তানসহ একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল দুপুরে তিনি ভবনের নির্মাণকাজ তদারক করতে যান। এরপরই তিনি নিখোঁজ হন।
লাশ উদ্ধারের ঘটনা
এ ঘটনার পর বিকেল থেকে সন্তানেরা তাঁকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে রাতে তাঁর এক ছেলে নির্মাণাধীন ভবনটিতে যান। সেখানে একটি কক্ষের মেঝে ভরাটের জন্য ফেলা বালু ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। সন্দেহবশত বালু সরাতেই লাশটি পাওয়া যায়। এ সময় ছেলের চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশকে খবর দেন।
প্রাথমিক তদন্ত
নিহত নারীর প্রতিবেশী মো. রাসেল বলেন, গতকাল ওই ভবনে এক শ্রমিক একা নির্মাণকাজ করছিলেন। তাঁকে গতকাল রাত থেকে এলাকায় দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনিই রিনা বেগমকে হত্যা করে লাশ বালুচাপা দিয়েছেন।
জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ওই নারীকে বালুচাপা দেওয়া হয়েছে। নিহত নারীর গলায় আঙুলের ছাপ রয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত নির্মাণশ্রমিককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



