মন্ত্রিপরিষদ প্রধান আদোর্নির পদত্যাগ
সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তিগত খরচের খতিয়ান নিয়ে তদন্ত এবং কেলেঙ্কারির মুখে পদত্যাগ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও মন্ত্রিপরিষদ প্রধান ম্যানুয়েল আদোর্নি। শনিবার (২৭ জুন) তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পদত্যাগপত্রে আদোর্নির বক্তব্য
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে আদর্নি লিখেছেন, ২০২৩ সালের ১০ ডিসেম্বরের পর এই প্রথম আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি। আমি এই অধ্যায়ের সমাপ্তি টানছি। আমি অত্যন্ত শান্ত ও প্রশান্ত মনে, কিন্তু সর্বোপরি একটি পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি।
অভিযোগ ও বিতর্ক
আদোর্নির বিরুদ্ধে তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ব্যয়ের কারণে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। পরিবারসহ বেশ কিছু ব্যক্তিগত ভ্রমণের জন্য তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন; যার মধ্যে রয়েছে বড়দিনের ছুটিতে আরুবায় প্রথম শ্রেণিতে ছুটি কাটানো এবং কার্নিভাল মৌসুমে ব্যক্তিগত জেটে করে উরুগুয়ে ভ্রমণ।
আদোর্নির প্রতিক্রিয়া
তবে আদর্নির দাবি, সরকারে যোগ দেওয়ার আগেই তিনি সম্পদ গড়ে তুলেছিলেন এবং পরিবারের সঙ্গে সব সফরের ব্যয় ব্যক্তিগত অর্থ থেকেই বহন করেছেন। গত এপ্রিলের শেষের দিকে কংগ্রেসে দেশের সার্বিক পরিস্থিতির ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমি কোনও অপরাধ করিনি এবং আমি আদালতে তা প্রমাণ করব।
তবে চলতি মাসে লা নাসিওন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সব আর্জেন্টাইনদের মতো’ তিনিও বছরের পর বছর অঘোষিত অর্থ সঞ্চয় করে রেখেছিলেন। তিনি জানান, ২০২৩ ও ২০২৪ সালের কর-সংক্রান্ত ঘোষণায় সংশোধন এনে আগে অঘোষিত থাকা প্রায় পাঁচ লাখ মার্কিন ডলারের তথ্য যুক্ত করেছেন। সাক্ষাৎকারটিতে তিনি বলেন, আমি আমার অনিচ্ছাকৃত ভুল টেনে নিয়ে যাওয়ার জন্য নিজের দোষ স্বীকার করছি এবং এর জন্য যা দেওয়া দরকার তা আমি পরিশোধ করব।
পটভূমি
উল্লেখ্য গত বছরের নভেম্বরে মন্ত্রিপরিষদ প্রধান হিসেবে দায়িত্ব নেন আদর্নি। ২০২৩ সালের শেষদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মিলে প্রথমে তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।



