নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুন) এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আহাদ আলী উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।
ঘটনার বিবরণ
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ওই শিশুটি তার সমবয়সী খেলার সাথীকে ডাকতে আহাদ আলীর বাড়িতে যায়। এ সময় আহাদ আলী তাকে কৌশলে ডেকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে জানালে আহাদ আলী তাদের দুজনকে বিষয়টি গোপন রাখতে বলে এবং অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
গোপন রাখার চেষ্টা
ঘটনার পর আহাদ আলীর ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম শিশুটিকে চিকিৎসা করিয়ে তিনিও বিষয়টি গোপন রাখতে চাপ দেন। তবে সম্প্রতি শিশুটি বিষয়টি প্রকাশ করে দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে তার বড় ভাই কর্মস্থল থেকে বাড়িতে এসে থানায় মামলা করেন।
পুলিশের ব্যবস্থা
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।



