গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পরিচালিত বিশেষ অভিযানে ১২ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের গাজীপুর সদর মেট্রো থানার যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম রয়েছেন।
অভিযানের বিবরণ ও গ্রেপ্তার
জিএমপি সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় একযোগে ‘আলফা-লিমা’ নামের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের লক্ষ্য ছিল সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনা।
পুলিশের তথ্যমতে, সদর থানা এলাকা থেকে একজন, কোনাবাড়ী থানা থেকে একজন, কাশিমপুর থানা থেকে একজন, গাছা থানা থেকে চারজন এবং টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে একই সময়ে বাসন, পূবাইল ও টঙ্গী পশ্চিম থানায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া ডিবি উত্তর ও ডিবি দক্ষিণ বিভাগের অভিযানে কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।
পুলিশের বক্তব্য
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
জিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।



