কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের আগ্রাসন, রাজনৈতিক চাপ ও স্বৈরাচারী শাসকদের দমনপীড়নের কারণে বিশ্বের বৃহত্তম অনলাইন তথ্যভান্ডার উইকিপিডিয়া তার ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–সমর্থিত ডানপন্থীরা ও ধনকুবের ইলন মাস্ক উইকিপিডিয়ার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলছেন এবং সাইটটির অলাভজনক সংস্থামূলক মর্যাদাকে চ্যালেঞ্জ করছেন। অন্যদিকে, এআই কোম্পানিগুলো উইকিপিডিয়ার বিপুল তথ্যভান্ডার বিনা মূল্যে ব্যবহার করায় ওয়েবসাইটটির ব্যবহারকারীর সংখ্যা কমে যাচ্ছে।
সংকট মোকাবিলায় উইকিমিডিয়ার পদক্ষেপ
পরিস্থিতি মোকাবিলায় উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের লবিং বাজেট বাড়িয়েছে এবং নিউইয়র্কের টাইমস স্কয়ারের মতো জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে। পাশাপাশি, গুগল ও মেটার মতো বড় প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছে উইকিপিডিয়া। স্বেচ্ছাসেবীদের হয়রানি ও নজরদারি ঠেকাতে মানবাধিকারবিষয়ক দলের কর্মীসংখ্যা বাড়ানোর পাশাপাশি সাবেক কূটনীতিক বার্নাডেট মিহানকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।
বার্নাডেট মিহান: যুদ্ধক্ষেত্র থেকে উইকিপিডিয়ায়
গত জানুয়ারি মাসে উইকিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন বার্নাডেট মিহান। চিলিতে মার্কিন রাষ্ট্রদূত, ওবামা ফাউন্ডেশন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও ওয়াল স্ট্রিটে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি আলোচনা ও কিউবার সঙ্গে কূটনৈতিক আলোচনার মতো জটিল কাজ করেছেন তিনি। তবে বিশ্বের ১০টি শীর্ষ জনপ্রিয় ওয়েবসাইটের একটির অভিভাবকত্ব করা মিহানের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ হতে যাচ্ছে। ইরাক যুদ্ধের সময় ২০০৭ সালের বড় একটি অংশ যুদ্ধক্ষেত্রে কাটানো মিহান উইকিপিডিয়ার এ সংকটকে সরাসরি যুদ্ধ বলতে রাজি নন। তিনি বলেন, ‘ইন্টারনেটে আমাদের যা কিছু আছে, উইকিপিডিয়া তার সবকিছুর ভিত্তি হিসেবে কাজ করে। এটি সবার কাছে প্রিয় ও নির্ভরযোগ্য। চরম মেরুকরণের এই সময়ে একে একটি বিশ্বস্ত উৎস হিসেবে দেখা হয়।’ তিনি আরও যোগ করেন, ‘এটি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হলো, আমরা কীভাবে এ প্রকল্পকে বাঁচিয়ে রাখব!’
ডানপন্থীদের সঙ্গে সংঘাত
বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক উইকিপিডিয়াকে ‘ওকিপিডিয়া’ বলে উপহাস করেছেন এবং তাঁর অনুসারীদের উইকিপিডিয়ায় অনুদান দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ, ট্রাম্প প্রশাসনের সাবেক এআই প্রধান ডেভিড স্যাক্স ও জনপ্রিয় ধারাভাষ্যকার টাকার কার্লসনও উইকিপিডিয়ার আদর্শিক পক্ষপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গারও সমালোচনা করেছেন।
অনলাইনের এ বিতর্ক এখন উইকিপিডিয়ার জন্য বাস্তব আইনি হুমকি তৈরি করেছে। গত বছর ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এই অলাভজনক সংস্থার করছাড়ের সুবিধা খতিয়ে দেখার উদ্যোগ নেন। এরপর আগস্ট মাসে রিপাবলিকান নেতৃত্বাধীন একটি মার্কিন সংসদীয় কমিটি উইকিমিডিয়ার ওপর তদন্ত শুরু করে। উইকিমিডিয়া জানিয়েছে, তারা এ তদন্তের জবাব দিয়েছে।
উইকিপিডিয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া
উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, উইকিপিডিয়া পরিচালনায় কোনো গোপন চক্র নেই। প্রায় ২ লাখ ৫০ হাজার অবৈতনিক অপরিচিত মানুষ ছদ্মনামে প্রতি মিনিটে ৩২৪ বার এ সাইটের তথ্য সংশোধন ও সম্পাদনা করেন। ফ্যাক্ট চেকিং সাইট পলিটিফ্যাক্টের প্রতিষ্ঠাতা বিল অ্যাডেয়ার বলেন, ‘উইকিপিডিয়া সম্পর্কে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি সত্যিকারের গণতন্ত্র। এটি কিছুটা বিশৃঙ্খল, কোলাহলপূর্ণ, তবে এটি কাজ করে।’
বিরোধীদের উদ্দেশে বার্নাডেট মিহান বলেন, ‘আমরা কোনো সাংস্কৃতিক যুদ্ধ বা রাজনৈতিক আলোচনার অংশ হতে চাই না। যাঁরা পৃথিবীতে জ্ঞান ছড়িয়ে দিতে চান, উইকিপিডিয়া তাঁদের জায়গা।’ যাঁদের মনে উইকিপিডিয়া নিয়ে পক্ষপাতের সন্দেহ আছে, তাঁদের সরাসরি উইকিপিডিয়ার সম্পাদক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
এআইয়ের আগ্রাসন ও তথ্য চুরি
বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের চ্যাটবট যেমন জেমিনি, ক্লড ও চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিতে উইকিপিডিয়ার বিশাল তথ্যভান্ডার ব্যবহার করছে। এসব বট পরে উইকিপিডিয়ার তথ্যই কিছুটা ভুলভাবে উপস্থাপন করছে, যা ইন্টারনেটের তথ্যের পরিবেশকে দূষিত করছে। এর বড় উদাহরণ হলো ইলন মাস্কের তৈরি গ্রোকিপিডিয়া। এটি উইকিপিডিয়া থেকে অবাধে তথ্য চুরি করছে এবং মিহানের প্রোফাইলসহ অনেক জায়গায় ভুল তথ্য পরিবেশন করছে।
শুধু তা–ই নয়, সার্চ ফলাফলের ওপর এআইয়ের তৈরি সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেখানোর কারণে উইকিপিডিয়া ওয়েবসাইটের পাঠকসংখ্যা কমে যাচ্ছে। গত বছরের শেষের দিকে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে পাঠকসংখ্যা প্রায় ৮ শতাংশ কমে গেছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে উইকিপিডিয়া।
এ সংকট কাটাতে উইকিমিডিয়া এখন এআই শিল্পের কাছ থেকে মাশুল আদায় করছে। গত বছর এ খাত থেকে উইকিমিডিয়া ৮৩ লাখ ডলার আয় করেছে। এ বিষয়ে মিহান বলেন, ‘আমাদের অবকাঠামো বিনা মূল্যে চলে না। যখন বিভিন্ন স্ক্র্যাপার এসে একবারে সব ডেটা ডাউনলোড করে, তখন আমাদের সিস্টেমের ওপর বড় প্রভাব পড়ে। এ আচরণের একটি আক্ষরিক আর্থিক মূল্য রয়েছে।’
বৈশ্বিক নিষেধাজ্ঞা ও কারাদণ্ড
উইকিপিডিয়া বর্তমানে ৩৪৫টি ভিন্ন ভাষায় সেবা দিচ্ছে। এর মধ্যে ইংরেজি সংস্করণটি সবচেয়ে সক্রিয়। চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ায় উইকিপিডিয়া সম্পূর্ণ ব্লক বা নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সাল পর্যন্ত তুরস্কেও এটি প্রায় তিন বছর নিষিদ্ধ ছিল। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ১০ জন উইকিপিডিয়া সম্পাদককে তাঁদের কাজের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদি আরবের এক শিশুবিশেষজ্ঞকে সরকারি নজরদারি ও মানবাধিকার নিয়ে লেখার কারণে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেলারুশও বেশ কয়েকজন সম্পাদককে আটক করে পেনাল কলোনি বা শ্রমশিবিরে পাঠিয়েছে।
উইকিপিডিয়ার তথ্যের ওপর বিভিন্ন দেশের সরকারের সেন্সরশিপের চাপও বাড়ছে। গত বছর উইকিমিডিয়া কনটেন্ট মুছে ফেলা বা পরিবর্তনের জন্য ৯৩৪টি অনুরোধ পেয়েছে, যার মধ্যে ১১৭টি এসেছে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে। এর বেশির ভাগই এসেছে রাশিয়ার কাছ থেকে। রাশিয়া উইকিপিডিয়ার বিরুদ্ধে তাদের সামরিক বাহিনীকে কলঙ্কিত করার অভিযোগ এনেছে। উইকিমিডিয়া অবশ্য রাশিয়ার দেওয়া জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়েছে।
উইকিপিডিয়ার ভবিষ্যৎ সব সময়ই কিছুটা অনিশ্চিত মনে হয়েছে। তবে এত বিপদের মধ্যেও উইকিপিডিয়া থেমে নেই। মিহান বিশ্বাস করেন, উইকিপিডিয়া হলো এমন এক অনন্য পরীক্ষা, যা সমাজকে সংঘাতের বদলে ঐক্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, ‘এখনকার পৃথিবীতে যেখানে রাজনৈতিক মেরুকরণ বাড়ছে, তথ্যের অমিল হচ্ছে, সেখানে দ্বিমত থাকাটা স্বাভাবিক।’



