চীনের থ্রিডি প্রিন্টিং শিল্পের দ্রুত বিকাশ, রপ্তানি দ্বিগুণের বেশি
চীনের থ্রিডি প্রিন্টিং শিল্পের দ্রুত বিকাশ, রপ্তানি দ্বিগুণ

প্রযুক্তিগত অগ্রগতি, রপ্তানি বৃদ্ধি এবং ব্যবহারক্ষেত্রের সম্প্রসারণের ফলে চীনের থ্রিডি প্রিন্টিং শিল্প দ্রুত বিকাশের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই প্রযুক্তি এখন মহাকাশ, রোবটিক্স, ভোক্তা ইলেকট্রনিক্সসহ বিভিন্ন শিল্পে ব্যাপক উৎপাদনের অংশ হয়ে উঠছে। একই সময়ে চীনের থ্রিডি প্রিন্টার রপ্তানিও বেড়েছে দ্বিগুণের বেশি।

নিংসিয়া থেকে ফুচিয়ানে প্রযুক্তি স্থানান্তর

সম্প্রতি চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নত থ্রিডি প্রিন্টিং কাস্টিং প্রযুক্তি এবার পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশে সফলভাবে স্থানান্তরিত হয়েছে। এই প্রযুক্তি চীনের স্মার্ট কাস্টিং খাতে নতুন শিল্পায়নের দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। নিংসিয়ার রাজধানী ইনছুয়ানের একটি কোম্পানি ফুচিয়ানের নানআন শহরে একটি আধুনিক স্মার্ট কাস্টিং কারখানা স্থাপন করেছে। কোম্পানিটি চীনের অন্যতম শীর্ষ স্মার্ট ফাউন্ড্রি প্রতিষ্ঠান, যারা সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করছে।

স্থানীয় শিল্পে প্রভাব

নানআন সিটি শিল্প ও তথ্যপ্রযুক্তি ব্যুরোর পরিচালক হুয়াং চিয়া জানান, ‘কোম্পানিটির থ্রিডি প্রিন্টিং স্মার্ট ফ্যাক্টরি নানআন শহরের প্রযুক্তিগত শূন্যতা পূরণ করেছে। একই সঙ্গে এটি ফুচিয়ানের শিল্পসম্পদকে কাজে লাগিয়ে নিংসিয়ার যন্ত্রপাতি শিল্পের সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী করেছে।’ স্থানীয় শিল্পচেইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি এখন শুধু পণ্য বিক্রি করছে না, বরং সম্পূর্ণ উৎপাদন লাইন সরবরাহ করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈশ্বিক বাজারে চীনা থ্রিডি প্রিন্টারের চাহিদা

চীনের কাস্টমস প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশটি ২৪ লাখ ৬০ হাজার থ্রিডি প্রিন্টার রপ্তানি করেছে, যার মোট মূল্য ৬১০ কোটি ইউয়ানের বেশি। চীনা ভোক্তা-পর্যায়ের থ্রিডি প্রিন্টার ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেনচেন থুওচু টেকনোলজি কোম্পানির পণ্য পরামর্শক শি তি জানান, ‘গত বছর আমাদের মোট আয়ের প্রায় ৭০ শতাংশ এসেছে বিদেশি বাজার থেকে। ইউরোপ ও আমেরিকা এখনও প্রধান বাজার হলেও লাতিন আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দ্রুত উদীয়মান বাজারে পরিণত হচ্ছে।’

প্রযুক্তিগত উন্নয়ন ও প্রতিযোগিতামূলক মূল্য

প্রযুক্তিগত উন্নয়নের ফলে চীনে আগে যেসব পণ্য তৈরি করতে শিল্পমানের থ্রিডি প্রিন্টার প্রয়োজন হতো, এখন সেগুলোর অনেকগুলোই ভোক্তা-পর্যায়ের যন্ত্র দিয়ে তৈরি করা সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সেবা, উন্নত কর্মক্ষমতা এবং প্রতিযোগিতামূলক মূল্যই চীনের থ্রিডি প্রিন্টার শিল্পের মূল শক্তি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে শুধু শেনচেন থেকেই ৫ দশমিক ২৪ বিলিয়ন ইউয়ান মূল্যের থ্রিডি প্রিন্টার রপ্তানি হয়েছে, যা জাতীয় মোট রপ্তানির প্রায় ৮৬ শতাংশ।