সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি রুমিন ফারহানাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি তারেক রহমান সম্পর্কে মন্তব্য করেছেন- '১৭ বছর লন্ডনে গুপ্ত সময় পার করে ভারতে মুচলেকা দিয়ে তারেক রহমান দেশে এসেছেন লুটেপুটে খাওয়ার জন্য, লুটেপুটে খাওয়া শেষে আবার লন্ডনে গুপ্ত সময় পার করবেন।' ফটোকার্ডটিতে সংবাদমাধ্যম 'দূরবীন নিউজ' -এর লোগোও ব্যবহার করা হয়।
ফ্যাক্টচেকে ধরা পড়ল সত্য
তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এমন কোনো মন্তব্য রুমিন ফারহানা করেননি। একই সঙ্গে 'দূরবীন নিউজ' নামের প্ল্যাটফর্ম থেকেও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। যাচাই করে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একটি পুরোনো ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া এই প্রচারণা চালানো হয়েছে।
ভুয়া ফটোকার্ডের নকশা মিলল আসলের সাথে
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে ২৩ এপ্রিল ২০২৬ তারিখ উল্লেখ থাকলেও ওই তারিখে 'দূরবীন নিউজ' এর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। বরং একই দিনে অন্য এক গণমাধ্যমে প্রকাশিত 'লোডশেডিং ঢাকায় ১-২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা: রুমিন ফারহানা' শিরোনামের একটি আসল ফটোকার্ডের সঙ্গে ভাইরাল ছবিটির নকশা ও উপাদানের মিল পাওয়া যায়।
ফন্ট, শিরোনাম ও ডিজাইনের পার্থক্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, মূল ফটোকার্ডটি সম্পাদনা করেই ভুয়া বক্তব্যটি তৈরি করা হয়েছে। ফলে তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।



