ইউটিউব শর্টসে ২x স্পিড ও ক্লিয়ার স্ক্রিন মুডসহ নতুন ফিচার
ইউটিউব শর্টসে ২x স্পিড ও ক্লিয়ার স্ক্রিন মুডসহ নতুন ফিচার

স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম 'শর্টস'-এ একাধিক নতুন ফিচার ও পরিবর্তন এনেছে ইউটিউব। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে ভিডিও দ্বিগুণ গতিতে (২x স্পিড) দেখার অপশন যুক্ত করা হয়েছে। ইউটিউবের মতে, এই ফিচার ব্যবহারকারীদের দ্রুত তথ্য গ্রহণ এবং ভিডিওর পছন্দের অংশে দ্রুত পৌঁছাতে সহায়তা করবে।

ডিসলাইক বাটন সরিয়ে হার্ট ইমোজি

শর্টস থেকে 'ডিসলাইক' বাটন সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয়েছে। এখন ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট ধরনের কনটেন্ট এড়িয়ে যেতে চাইলে 'নট ইন্টারেস্টেড' এবং 'ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল' অপশন ব্যবহার করতে পারবেন। ভিডিও পছন্দ করার ক্ষেত্রে প্রচলিত থাম্বস-আপ আইকনের পরিবর্তে হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে।

ক্লিয়ার স্ক্রিন মুড চালু

ইউটিউব আরও একটি নতুন 'ক্লিয়ার স্ক্রিন মুড' চালু করেছে। এই মোড চালু করলে ভিডিও দেখার সময় পর্দা থেকে বিভিন্ন আইকন, বাটন ও লেখাগুলো সাময়িকভাবে আড়াল হয়ে যায়, ফলে ব্যবহারকারীরা আরও পরিষ্কার ও বাধাহীনভাবে ভিডিও উপভোগ করতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠানটির দাবি, এসব পরিবর্তন শর্টস ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্বতঃস্ফূর্ত ও ব্যবহারবান্ধব করে তুলবে। তবে নতুন ফিচারগুলো ধাপে ধাপে চালু করা হবে এবং এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি।

শর্টসের জনপ্রিয়তা

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের জনপ্রিয়তার পর স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর বাজারে প্রবেশ করে ইউটিউব শর্টস। অল্প সময়ের মধ্যেই এটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল মোহানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে ইউটিউব শর্টসের দৈনিক ভিউয়ের সংখ্যা ২০০ বিলিয়নে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, শুধু মোবাইল নয়, টেলিভিশনের পর্দাতেও শর্টসের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতি মাসে দর্শকরা প্রায় ২ বিলিয়ন ঘণ্টা সময় ব্যয় করছেন শর্টস কনটেন্ট দেখার পেছনে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ