সরকার চলতি মৌসুমে ১৮ লাখ টন বোরো ধান ও চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকা ও গম ৩৬ টাকা দরে কেনা হবে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংগ্রহ কার্যক্রমের সময়সূচি
প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টে (পিআইডি) আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোরো ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
পরিমাণ ও মূল্য নির্ধারণ
মোট সংগ্রহের মধ্যে ৫ লাখ টন ধান প্রতি কেজি ৩৬ টাকা, ১২ লাখ টন সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা এবং ১ লাখ টন আতপ চাল প্রতি কেজি ৪৮ টাকা দরে কেনা হবে। খাদ্য পরিকল্পনা ও মনিটরিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সেখানে উপস্থিত ছিলেন। মন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১৭ থেকে ১৮ লাখ টন চালের মজুদ রয়েছে।



