জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগে জামায়াতের তীব্র নিন্দা
জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগে জামায়াতের নিন্দা

গত মাসে এক দফায় জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ, কোথাও কোথাও তারও বেশি বাড়ানোর পর আবার নতুন করে মূল্যবৃদ্ধির উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

জামায়াতের বিবৃতি

সোমবার (১ জুন) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, গত মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে মানুষের আয় না বাড়লেও বেকারত্ব ও অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে। জনগণ যখন নিত্যদিনের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত তাদের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের আশ্বাস ভঙ্গের অভিযোগ

গোলাম পরওয়ার দাবি করেন, সরকার এর আগে অন্তত চলতি মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে পুনরায় মূল্যবৃদ্ধির উদ্যোগ জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ এবং চরম ধোঁকাবাজির শামিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে তড়িঘড়ি করে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলে তা হবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

জামায়াতের অবস্থান

জামায়াত সেক্রেটারি বলেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশবাসীকে নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতন হওয়ার এবং কথা বলার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’