ঈদুল আজহা ঘনিয়ে আসায় রাজধানীর অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী কমলাপুর পশুর হাটে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। সোমবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। ক্রেতাদের ভিড়ের পাশাপাশি বেড়েছে গরু বিক্রিও। বেশিরভাগ ক্রেতার নজর মাঝারি ও ছোট আকারের গরুর দিকে।
মাঝারি গরুর চাহিদা বেশি
হাট ঘুরে দেখা গেছে, তিন থেকে পাঁচ মণ ওজনের গরুর সামনে ক্রেতাদের ভিড় বেশি। পরিবার নিয়ে অনেকেই গরু দেখতে আসছেন। কেউ দাম যাচাই করছেন, আবার কেউ পছন্দের গরু কিনেও নিয়ে যাচ্ছেন। তবে, বড় গরুর বাজার এখনো পুরোপুরি চাঙ্গা হয়নি।
ক্রেতা-বিক্রেতাদের দাবি
ক্রেতাদের দাবি, আগের তুলনায় দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা। তবে, বিক্রেতাদের দাবি, এ বছর গো-খাদ্য, ওষুধ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গরুর দামও বেড়েছে। বিভিন্ন জেলা থেকে কমলাপুর হাটে আসা ব্যবসায়ীরা বলছেন, মাঝারি গরুর বিক্রি তুলনামূলক ভালো হলেও বড় গরুর ক্রেতারা এখনও অপেক্ষায় আছেন।
মানিকনগর থেকে কমলাপুর হাটে গরু কিনতে এসেছেন শাহজাহান মিয়া। খুঁজছেন মাঝারি সাইজের গরু। দাম বেশি চাওয়ার কথা জানান তিনি। শাহজাহান মিয়া বলেন, “মধ্যবিত্ত মানুষ তো মাঝারি গরুই বেশি কিনে, আবার অনেকে ভাগেও দেয়। তাই এই গরুর চাহিদা বেশি। কিন্তু, দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। একটা গরু দেখলাম এক লাখ ৮০ হাজার টাকা চাইলো, অথচ গতবার এমন গরু এক লাখ ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া গেছে। এখন কয়েকটা হাট ঘুরে দেখছি, তারপর সিদ্ধান্ত নেবো।”



