টেকসই নগর উন্নয়ন বিষয়ে সহযোগিতা জোরদারে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাইকা বাংলাদেশ অফিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জাইকার সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ
মতবিনিময়কালে ডিএনসিসির প্রশাসক নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে জাইকার ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জাইকা প্রেসিডেন্টকে তার সফরের জন্য ধন্যবাদ জানান।
পরিচ্ছন্ন ও টেকসই ঢাকা গড়ার অঙ্গীকার
ডিএনসিসির প্রশাসক এবং জাইকা প্রতিনিধিদল ডিএনসিসির গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিস্তারিত আলোচনা
মতবিনিময় সভায় বাংলাদেশে, বিশেষ করে ঢাকার নগর উন্নয়নে জাইকার দীর্ঘদিনের অবদান, কারিগরি সহযোগিতা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম, পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ‘ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান (২০১৮-৩২)’ এবং চলমান ‘প্রজেক্ট ফর ওয়েস্ট রিডাকশন অ্যান্ড সাপোর্ট ফর বিল্ডিং অ্যা সাসটেইনেবল সোসাইটি’-এর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রকল্পের মাধ্যমে বর্জ্য হ্রাস, অবৈধ বর্জ্য ফেলার স্থান নিয়ন্ত্রণ, সম্পদ পুনরুদ্ধার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
জাইকার প্রতিশ্রুতি
মতবিনিময়কালে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ নতুন প্রযুক্তি সরবরাহ, ওয়ার্কশপ নির্মাণ, নতুন ল্যান্ডফিল নির্মাণে কারিগরি সহযোগিতা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধি দল
জাইকা প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মিস তাকাহাসি জুনকো। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন রিপ্রেজেন্টেটিভ হিদেকি ওসাওয়া এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে নিয়োজিত জাইকার দীর্ঘমেয়াদি বিশেষজ্ঞ মিস্টার মাতসুকুরা ইউ (কাগাসি)।
প্রশাসকের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাইকা প্রেসিডেন্টের সফর
উল্লেখ্য, গত ৫ জুলাই জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করেন। এর মধ্যে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় জে-ডিআরইউএম স্থাপন করা হয়েছে। সময়, শ্রম ও স্থান সাশ্রয়ী এই আধুনিক জাপানি প্রযুক্তির ইতিবাচক প্রভাব দেখে ড. তানাকা সন্তোষ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন, ভবিষ্যতে জে-ডিআরইউএম প্রযুক্তি বাংলাদেশের আরও বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হবে।



