মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জেলে, মৎস্য আহরণকারী ও মৎস্যখামারিরা কৃষক কার্ডের আওতায় আসবেন এবং এর মাধ্যমে তারা ঋণ সুবিধা পাবেন। বুধবার (৬ মে) দুপুরে কাপ্তাই হ্রদে রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের আয়োজনে পোনা অবমুক্তকরণ ও জেলেদের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা
প্রতিমন্ত্রী বলেন, ‘কাপ্তাই হ্রদে মাছ আহরণকারী জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এর ফলে জেলেদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং তারা বিকল্প আয়মুখী কার্যক্রমে যুক্ত হতে পারবেন।’ তিনি জানান, কৃষক কার্ডে প্রায় ১০ ধরনের সুবিধা থাকবে।
কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন
মাছের প্রজনন বৃদ্ধি ও হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে কাপ্তাই হ্রদে খনন কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘কাপ্তাই লেক বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। এই লেককে দূষণমুক্ত রাখব। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।’



