দুই মাস পর পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু, জেলেরা প্রস্তুত
দুই মাস পর পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু, জেলেরা প্রস্তুত

দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে। জাটকা রক্ষা কার্যক্রম সফল করতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

নিষেধাজ্ঞার আওতা

চাঁদপুর জেলার মতলবের ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। ফলে এ সময় নদীতে মাছ ধরতে পারেননি জেলেরা। তাদের দিন কেটেছে কষ্টে।

জেলেদের প্রস্তুতি

বৃহস্পতিবার রাত ১২টার পর নদীতে নামতে সব প্রস্তুতি নিয়েছেন জেলেরা। দীর্ঘ অপেক্ষার পালা শেষ। প্রায় অর্ধলাখ জেলে তাদের নিজ পেশায় ফিরছেন। এরই মধ্যে তারা জাল ও নৌকা মেরামত করে প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইলিশ ধরা পড়লে এত দিনের ঋণ পরিশোধের আশা তাদের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারি সহায়তা

অভিযান চলাকালে প্রত্যেক জেলে চার ধাপে ৪০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা পেয়েছেন। চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, চাঁদপুরের জেলেরা অনেক বেপরোয়া হলেও কর্মসূচি সফল করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।

মৎস্য বিভাগের বক্তব্য

মৎস্য বিভাগ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান বাস্তবায়ন করা গেছে। নদীতে বিচরণ শেষে জাটকাগুলো নিরাপদে সাগর মোহনায় ফিরতে পেরেছে। চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, অভিযানের মাঝামাঝি সময়ে তেল সংকট দেখা দিলেও পরে তা সমাধান করা হয়েছে। এবার অসাধু জেলেরা দল বেঁধে নদীতে নামতে পারেনি।

অভিযানের ফলাফল

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফকরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার সময়ে প্রায় ৬০০ জেলেকে আটক করা হয়েছে। কারেন্ট জাল জব্দ করা হয়েছে ২০ কোটি মিটার। নিয়মিত মামলা হয়েছে ২৪০টি। এবার অভিযান সফল করতে টাস্কফোর্স সর্বোচ্চ সচেষ্ট ছিল। আশা করছি এ বছর জাটকা রক্ষা কার্যক্রম অনেকটাই সফল হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ