সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাম তুলে বাড়ি ফেরার পথে আকস্মিক ঝড়ের কবলে পড়ে খালের পানিতে ডুবে নিয়াশা বেগম (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাহিরপুর-বাদাঘাট সড়কের পাতারগাঁও গ্রাম সংলগ্ন গলচিপা খাল থেকে ওই ছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
দুর্ঘটনার বিবরণ
নিহত নিয়াশা উপজেলার পাতারগাঁও গ্রামের কালা মিয়ার মেয়ে। সে পাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহত স্কুলছাত্রীর বাবা কালা মিয়া জানান, গতকাল (শনিবার) সকালে উপজেলার পাতারগাঁও গ্রাম সংলগ্ন হাওরে জমি থেকে ছোট ভাইকে নিয়ে বাদাম তুলতে যায় ওই স্কুলছাত্রী। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ভয়ে ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে খালের পানিতে ডুবে নিখোঁজ হন নিয়াশা।
ছোট ভাই বাড়ি ফিরে নিয়াশার ডুবে যাওয়ার ঘটনা জানালে স্বজন ও গ্রামবাসীরা তার সন্ধানে নেমে আজ দুপুরের দিকে খালের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য
এ ব্যাপারে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



