গাইবান্ধায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত
গাইবান্ধায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও একজন। এছাড়া একটি গরুও মারা গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ হাসান চৌধুরী (২২), আল মোজাহিদ চৌধুরী ওরফে ছোটনের ছেলে রাফি চৌধুরী (১০) এবং একই গ্রামের নবীর হোসেনের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী মিজানুর রহমান (১৬)। এর মধ্যে ফুয়াদ হাসান চৌধুরী ও রাফি চৌধুরী চাচাতো ভাই।

আহত ব্যক্তি

আহত হয়েছেন একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে শাহীন মিয়া (১৭)। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা সবাই সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর বাড়ির উঠানে বাঁশের টং এ বসে আড্ডা দিচ্ছিলো। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রবৃষ্টি। তাৎক্ষণিক সবাই উঠানে গরু বেঁধে রাখার চালা ঘরে অবস্থান নেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনসহ একটি গরু মারা যায়। গুরুতর আহত হয় শাহীন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফুর বলেন, বজ্রপাতে আহত হওয়ার পর তাদের হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। শাহীন মিয়া নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ