চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আট ফুট লম্বা অজগর উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আট ফুটের অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ) পাহাড়ে অবমুক্ত করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নীপবন শিশু বিদ্যালয়ের সামনে সাপটির দেখা মেলে।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জমাদিউল আউয়াল সুজাত সাপটি দেখে খবর দেন থ্রি-এসএ-কে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আট ফুট দীর্ঘ সাপটি একটি বার্মিজ পাইথন।

অজগর সাপ সাধারণত বেশ লম্বা হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ হল রেটিকুলেটেড পাইথন, তবে আমাদের দেশে বার্মিজ পাইথনই বেশি দেখা যায়। উদ্ধার করা সাপটি ক্যাম্পাসের পাহাড়ি অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে রফিক বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা সাপ অবমুক্ত করার নির্দিষ্ট স্থান প্রকাশ করি না। তবে ক্যাম্পাসের নিকটবর্তী পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় এটি অবমুক্ত করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, বার্মিজ পাইথন আমাদের আদি সাপ। আমাদের দেশে তিন ধরনের পাইথন পাওয়া যায়। তার মধ্যে এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এই সাপ ১৭ থেকে ১৮ ফুট পর্যন্ত হতে পারে। উদ্ধার করা সাপটি জুভেনাইল বা সাব-এডাল্ট পর্যায়ের। এই সাপের কোনো বিষ নেই এবং মানুষের জীবন ঝুঁকি হবে এমন কোনো ক্ষতি করে না। তবে পুকুরে নেমে মাছ খেয়ে বা খামারের মুরগি বা হাঁস খেয়ে ক্ষতি করতে পারে। এছাড়া অন্য কোনো ক্ষতি করে না বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ১০ ও ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুটি কিং কোবরা উদ্ধার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ