সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘শুধু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।’ শুক্রবার বিকালে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণকালে তিনি এই কথা বলেন।
এ সময় প্রণোদনার বীজ ও সার বিতরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে কৃষক যদি উৎপাদন বাড়াতে পারেন, তাহলে কৃষকের যেমন ভাগ্যোন্নয়ন হবে, তেমনি এলাকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, ওই পরিবার হবে, গ্রাম হবে, ইউনিয়ন হবে।’
তিনি বলেন, ‘আজ যে ধরনের বৈশ্বিক সমস্যা আছে, সেজন্য যাতে দেশের কৃষি কোনও অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই সেই লক্ষ্যেই কাজ করছি। বাংলাদেশে সবচেয়ে কৃষিতেই কর্মসংস্থানের সুযোগ বেশি, সেটা যাতে অব্যাহত থাকে।’
‘কোনও অবস্থাতেই বৈশ্বিক কোনও পরিবেশ অথবা কোনও যুদ্ধ যাতে আমাদের ক্ষতিগ্রস্ত না করতে পারে সেই জন্যই আমরা কৃষি এবং কৃষককে সবচেয়ে বেশি প্রণোদনা দিচ্ছি।’
এ সময় ২০ জন কৃষকের মাঝে মুগডাল বীজ ও সার এবং ৫ জন কৃষককে মৌমাছি চাষের বাক্স বিতরণ করা হয়। এ ছাড়া কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ ৭ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় সেখানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।



