ঈদের পর রাজধানীর পশুর হাটে বর্জ্য অপসারণে পুরোদমে কাজ শুরু ডিএসসিসির
ঈদের পর পশুর হাটে বর্জ্য অপসারণে ডিএসসিসির কাজ শুরু

পবিত্র ঈদুল আজহার পর রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণে পুরোদমে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন রাত থেকেই ধোলাইখাল গরুর হাটে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। নির্ধারিত সময়ের আগেই পুরো হাট পরিষ্কার করার লক্ষ্য নিয়ে দিনরাত কাজ করছেন শতাধিক পরিচ্ছন্নকর্মী।

ধোলাইখাল হাটে পরিচ্ছন্নতা কার্যক্রম

শুক্রবার (২৯ মে) রাজধানীর ধোলাইখাল গরুর হাট ঘুরে দেখা গেছে, হাটের বর্জ্য দ্রুত অপসারণে ব্যবহার করা হচ্ছে ডাম্প ট্রাক, কন্টেইনার ক্যারিয়ার, কম্পেক্টর, পে-লোডার, এক্সকাভেটর, ব্যাকহো লোডার ও পানিবাহী গাড়িসহ বিভিন্ন ভারী যানবাহন। এসব যানবাহনের মাধ্যমে পশুর বর্জ্য সরাসরি মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে নেওয়া হচ্ছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদের পর নগরবাসীর ভোগান্তি কমাতে এবং পরিবেশ দূষণ রোধে রাজধানীজুড়ে দ্রুত বর্জ্য অপসারণে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জীবাণুনাশক ছিটানোর কাজ করছে একাধিক পরিচ্ছন্নতা টিম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচ্ছন্ন কর্মীদের বক্তব্য

ধোলাইখাল হাটে কাজ করা পরিচ্ছন্ন কর্মী রিয়াজ বলেন, “সিটি করপোরেশনের বেঁধে দেওয়া সময়ের আগেই বর্জ্য অপসারণ করা হবে। আমরা গতকাল থেকে রাতদিন কাজ করছি। এই হাটে প্রচুর পরিমাণে বর্জ্য রয়েছে। কয়েক শতাধিক পরিচ্ছন্ন কর্মী ও ভারী যন্ত্রপাতি কাজ করছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পারব।”

আরেক পরিচ্ছন্ন কর্মী নিরঞ্জন বলেন, “গতকাল বাসাবাড়ির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ শেষ হয়েছে। এখন আমরা হাটের বর্জ্য অপসারণে পুরোদমে কাজ করছি। রাত ৮টা পর্যন্ত ডিউটি করব। যদি আজ পুরো কাজ শেষ না হয়, তাহলে আগামীকাল দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। ইতোমধ্যে হাটের বাঁশ ও খুঁটি খুলে ফেলা হয়েছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচ্ছন্ন কর্মী শামীম জানান, “আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা যায়।”

শাহ নওয়াজ নামে আরেক কর্মী বলেন, “গতকাল হাটের বাঁশ-খুঁটি অপসারণ করা হয়েছে। আজ পশুর বর্জ্য সরানো হচ্ছে। ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে-লোডারসহ বিভিন্ন ভারী যান ব্যবহার করা হচ্ছে। এসব বর্জ্য সরাসরি মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হচ্ছে।”

ডিএসসিসির বর্জ্য অপসারণ পরিকল্পনা

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তর ও অপসারণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৮, ২৯ ও ৩০ মে এই তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, এর মধ্যে প্রথম দিনে ১৫ হাজার ৯৩৫ টন, দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন এবং তৃতীয় দিনে ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া ধাপে ধাপে সরানো হবে পশুর হাটের বাঁশ, আউড় ও অন্যান্য ময়লা। প্রথম দিনে ৬০ শতাংশ, দ্বিতীয় দিনে ৩০ শতাংশ এবং তৃতীয় দিনে অবশিষ্ট ১০ শতাংশ বর্জ্য পরিষ্কার করা হবে।

ঈদের জামাত শেষে রাজধানীর অলিগলিতে পশু কোরবানি শুরু হওয়ার পর থেকেই নগরী পরিচ্ছন্ন রাখতে মাঠে নামে সিটি করপোরেশনের কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের আগেই রাজধানীর পশুর হাটগুলো সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হবে।