কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই গ্রামের ৩ শতাধিক নারী-পুরুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বুধবার (২৭ মে) সকাল ৯টায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদে এই জামাত অনুষ্ঠিত হয়।
নামাজের আয়োজন
প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া গ্রাম ও উত্তর কোদালকাটি গ্রামের মুসল্লিরা একত্রে ঈদুল আজহার নামাজ আদায় করেন। স্থানীয় মুসল্লিরা জানান, তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজানের রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে থাকেন।
বৃষ্টির কারণে মসজিদের ভেতরে জামাত
এ বছর সকালে বৃষ্টি এবং মাদ্রাসা মাঠে পানি জমে থাকায় মসজিদের ভেতরে দুটি জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া কওমি মাদ্রাসার পরিচালক ও ঈদের নামাজের ইমাম হাফেজ আবু সাঈদ জানান, আমরা হাজিপাড়া গ্রামের মুসলিমরা বিশ্বব্যাপী একই দিনে ইসলামী কর্মকাণ্ড পালনের দলিলের ভিত্তিতে ২০০৬ সাল থেকে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের নামাজ আদায় করে আসছি। এবারে উত্তর কোদালকাটি গ্রামের কিছু মুসল্লি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।
কুরবানি
নামাজ শেষে ওই সমাজে ১টি গরু ও ২১টি খাসি মিলে মোট ২২টি পশু কুরবানি করা হয়। এই আয়োজনে প্রায় ৩ শতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশগ্রহণ করেন।



